/*Google Adsense*/ /* End Google Adsense*/ /*Google Analytics*/ /*End Google Analytics*/ বড় সোনা মসজিদ - BCS Solution

বড় সোনা মসজিদ

বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত মুসলিম যুগের স্থাপত্য নিদর্শন। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হল বড় সোনা মসজিদ। এটি হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরি। স্থাপনাটি ইটের গাঁথুনি দ্বারা নির্মিত এবং বাইরের অংশ পাথর দ্বারা আবৃত ছিল।

নির্মাণকাল
এ মসজিদটির নির্মাণকাল সঠিক ভাবে জানা যায় না। মেজর ফ্রাঙ্কলিন মসজিদটির কাছে একটি শিলালিপি খুঁজে পান, ধারণা করা হত এটিই এই মসজিদটির শিলালিপি। এতে তারিখ ছিল ৯৩২ হিজরি সন (১৫২৬ খ্রিষ্টাব্দ), এটি অনুসারে মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহ। পরে মসজিদের ঠিক বাইরে উত্তর-পশ্চিম কোণে আরেকটি শিলালিপি পাওয়া যায় যা এই ধারণাকে ভুল প্রমাণ করেছে। এতে ৯৩০ হিজরি সনে (১৫২৩ খ্রিষ্টাব্দ) নুসরত শাহ কর্তৃক একটি তোরণ নির্মাণের বর্ণনা পাওয়া যায়। যেহেতু এ শিলালিপিটি মসজিদের অধিক কাছে পাওয়া গেছে, তাই এটি মসজিদের তোরণটির শিলালিপি হওয়ার সম্ভাবনাই বেশি। আর স্বাভাবিকভাবেই এ ধরনের ভবনের তোরণ মূল ভবনের আগে নির্মাণ করা হয় না। মেজর ফ্রাঙ্কলিন প্রাপ্ত শিলালিপিটির তারিখ এ শিলালিপির পরের। তাই সেটি মসজিদের শিলালিপি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তাছাড়া নুসরত শাহ কর্তৃক নির্মিত বাঘা মসজিদের স্থাপত্য শৈলীর সাথে এর অমিল রয়েছে যথেষ্ট। এর ফ্যাসাদগুলোতে অলংকরণ খুবই কম, নেই বললেই চলে। তবে মিহরাবগুলোতে অলংকরণ রয়েছে। বরঞ্চ, আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলের প্রথমার্ধে নির্মিত ছোটো সোনা মসজিদের সাথে এর স্থাপত্য শৈলীর মিল খুঁজে পাওয়া যায়। স্থাপত্যশৈলীর এই মিল এবং পরে প্রাপ্ত শিলালিপিটির তারিখ থেকে এটা মনে হওয়া অসম্ভব নয় যে মসজিদটি আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলের শেষের দিকে নির্মিত হয়েছিল।

নামকরণ
এ মসজিদের গম্বুজগুলোর উপর সোনালি রং এর আস্তরণ ছিল। এ থেকে মসজিদটির নাম হয় সোনা মসজিদ। গৌড় নগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে সোনালি রঙের আস্তরণ যুক্ত আরেকটি সোনা মসজিদ ছিল। সেটি ছিল আকারে ছোট। তাই এ মসজিদটিকে বলা হত বড় সোনা মসজিদ, আর ফিরোজপুরেরটিকে বলা হত ছোট সোনা মসজিদ। আবিদ আলির রেকর্ড থেকে জানা যায়, এ মসজিদটি মূলত বারদুয়ারী নামে পরিচিত ছিল, অর্থাৎ যে স্থাপনার বারটি দরজা রয়েছে। কিন্তু বাস্তবে মসজিদটির সম্মুখ ফ্যাসাদে এগারটি দরজা রয়েছে। আবিদ আলি বর্ণনা করেছেন, বারদুয়ারী শব্দটির অর্থ সাধারণভাবে বড় হলরুম। মসজিদের সামনে অবস্থিত বড় উদ্যানটির কারণে এই নাম ব্যবহার করা হত।

Scroll to Top