আহসান হাবীব

আহসান হাবীব ১৯১৭ খ্রিষ্টাব্দের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তাঁর কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাঁর কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ। এ ছাড়া তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি , মেঘ বলে চৈত্রে যাবো, দুহাতে দু আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি। তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো অরণ্য নীলিমা ও রাণীখালের সাঁকো। এ ছাড়া তাঁর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে ইত্যাদি।রানী খালের সাঁকো তাঁর কিশোরপাঠ্য উপন্যাস।

আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার লাভ করেন। ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে ১৯৮৫ সালের ১০ই জুলাই তাঁর জীবনাবসান ঘটে।

Scroll to Top